...|...|...

বিনোদন

‘বিলিয়নেরেরা’ থেকে ‘ওয়াকা ওয়াকা’, ঢাকার মঞ্চ মাতালেন ওটিলিয়া

মাসুম জয়
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ৩:২০
Shares
‘বিলিয়নেরেরা’ থেকে ‘ওয়াকা ওয়াকা’, ঢাকার মঞ্চ মাতালেন ওটিলিয়া

রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের একটি ভেন্যুতে মঞ্চ মাতান ওটিলিয়া। ছবি: টাইমস টুডে

মঞ্চে পা রেখেই ‘বিলিয়নেরেরা’ গানে দর্শকদের উচ্ছ্বাসে ভাসালেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমা। এরপর একের পর এক জনপ্রিয় গান, দৃষ্টিনন্দন নাচ আর প্রাণবন্ত পরিবেশনায় ঢাকার দর্শকদের মাতিয়ে রাখলেন তিনি। কখনো নিজের জনপ্রিয় গানে, কখনো আবার বিশ্বখ্যাত শিল্পীদের গানের সুরে- প্রায় এক ঘণ্টার পরিবেশনায় মঞ্চজুড়ে ছিল তার দাপট।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের একটি ভেন্যুতে মঞ্চে ওঠেন ওটিলিয়া। তাকে স্বাগত জানাতে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুরুতেই পরিবেশন করেন বিশ্বজুড়ে পরিচিত নিজের গান ‘বিলিয়নেরেরা’। প্রথম গানের সুরেই দর্শকদের সঙ্গে তৈরি হয় দারুণ সংযোগ।

এরপর ‘ডায়ামান্তে’সহ নিজের আরও কয়েকটি জনপ্রিয় গান শোনান এই শিল্পী। গানের তালে তার নাচের সঙ্গে যোগ দেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররাও। তাদের সম্মিলিত পরিবেশনায় পুরো আয়োজন পায় বাড়তি প্রাণ। পুরোনো গানের পাশাপাশি নতুন গানও উপহার দেন ওটিলিয়া। ঢাকায় এসে নতুন গান প্রকাশের যে ইঙ্গিত দিয়েছিলেন, মঞ্চে সেটিও পূরণ করেন তিনি।

নতুন গানটি পরিবেশনের আগে দর্শকদের ‘আগুন’ বলে সম্বোধন করেন ওটিলিয়া। গানটি ছড়িয়ে দিতে এবং তার পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান। পরিবেশনার ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে কথাও বলেন তিনি। ঢাকায় দর্শকদের উপস্থিতি ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একপর্যায়ে দর্শকসারিতে থাকা এক নারীর নাম জানতে চান ওটিলিয়া। ওই নারীসহ বাংলাদেশের নারীদের সুন্দরী আখ্যা দিয়ে তাকে ভাগ্যবতী বলেও মন্তব্য করেন। তার এমন কথায় দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এরপর আবারও গানে-নাচে মেতে ওঠেন তিনি।

বাংলাদেশের খাবার নিয়েও নিজের ভালো লাগার কথা জানান এই পপ তারকা। বিশেষ করে দেশের স্ট্রিট ফুডের প্রশংসা করেন। এরপর পরিবেশন করেন পপ তারকা শাকিরার জনপ্রিয় গান ‘ওয়াকা ওয়াকা’। দর্শকদেরও তার সঙ্গে গলা মেলানোর আহ্বান জানান। পরিচিত গানের সুরে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকরাও। এ ছাড়া একটি পাঞ্জাবি গানও পরিবেশন করেন ওটিলিয়া।

ওটিলিয়ার পরিবেশনার আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলা ভাইব ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। রাত ৮টায় মঞ্চে আসে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। ফুয়াদের কম্পোজিশনে গান পরিবেশন করেন তাসফি ও হাসিব। তাদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন ওটিলিয়া।

অনুষ্ঠান শেষে ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ নতুন এক আয়োজনের ঘোষণা দেন। তিনি জানান, ২০২৭ সালের এপ্রিলে কলম্বিয়ান সংগীত তারকা শাকিরা ইসাবেলকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজনটি করার কথা রয়েছে বলে জানান তিনি।

এ সময় ওটিলিয়ার কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় স্পন্সর, সাংবাদিক, সরকার, প্রশাসন ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাঈম আশরাফ। সব মিলিয়ে ওটিলিয়ার পরিবেশনা আর নতুন কনসার্টের ঘোষণায় মুখর ছিল রাতের আয়োজন।