...|...|...

খেলা

৮৩ বছর বয়সেও দাবার বোর্ডে দাপট রাণী হামিদের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, রাত ১১:০৩
Shares
৮৩ বছর বয়সেও দাবার বোর্ডে দাপট রাণী হামিদের

ছবি: সংগৃহীত

সোয়ামী কর্নেল হামিদকে হারিয়েছেন দুই দশকের বেশি সময় আগে। তিন বছর আগে চলে গেছেন ছেলে ববি হামিদ। চার মাস আগে হঠাৎ মারা যান নাতনি কারিনা কায়সারও। একের পর এক স্বজন হারানোর তীব্র শোক বুকে চেপে ৮৩ বছর বয়সেও দাবার বোর্ডে লড়ে যাচ্ছেন আন্তর্জাতিক নারী মাস্টার রাণী হামিদ।

এবার আর সরাসরি নয়, জাতীয় নারী দাবার বাছাইপর্বের বাধা পেরিয়ে চতুর্থ হয়ে মূল পর্বে নাম লিখিয়েছেন তিনি। নয় রাউন্ডের খেলায় দুটি হার ও এক ড্রয়ে সাড়ে ছয় পয়েন্ট অর্জন করেন প্রবীণ এই দাবাড়ু।

জাতীয় দাবায় স্থান করে নেওয়া প্রসঙ্গে রাণী হামিদ বলেন, 'নাতনি কারিনার চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে জীবন তো আর থেমে থাকে না। দাবা আমার জীবনেরই অংশ। যতদিন সুস্থ আছি, খেলে যাব।'

বয়সের ভার ও রাস্তায় যানজটের ধকল এড়াতে এক সপ্তাহেরও বেশি সময় ফেডারেশনেই রাত কাটিয়েছেন এই কিংবদন্তি। তিনি জানান, এখন আর অলিম্পিয়াড বা বড় কোনো জয়ের চাপ নিয়ে খেলেন না, বরং মনের আনন্দে ও সময় কাটাতেই বোর্ডে বসেন।

বাছাইপর্বে ৪৪ জন প্রতিযোগীর মধ্যে শীর্ষ ১২ জন চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন। নয় খেলায় ৭ পয়েন্ট পেয়ে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়েছেন নারী আন্তর্জাতিক মাস্টার শিরিন সুলতানা। সমান পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা।

একইভাবে সাড়ে ছয় পয়েন্ট পাওয়া সাতজনের মধ্যে টাইব্রেকিংয়ে চতুর্থ হয়েছেন আনসারের রাণী হামিদ। এছাড়া মানিকের নাজরানা খান ইভা পঞ্চম ও আনসারের নীলাভা চৌধুরী ষষ্ঠ স্থান অর্জন করে মূল পর্ব নিশ্চিত করেছেন।