...|...|...

শিক্ষা

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৯
Shares
২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল। ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক আলোচনা করবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা হবে। বিশেষ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের অগ্রগতি বিবেচনায় নিয়ে তারিখ চূড়ান্ত করা হবে।

ওই কর্মকর্তা আরও জানান, শুরুতে নভেম্বরের ১ থেকে ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা ছিল। তবে উত্তরপত্র মূল্যায়নের কাজ এগিয়ে আসায় ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ সম্ভব বলে আশা করা হচ্ছে। বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে এ সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট।

তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়। পরে স্থগিত পরীক্ষাগুলো গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।