দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত হামবিষয়ক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২১৭ জন। এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪২ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জনে। এ সময়ের মধ্যে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ১৯৯ জন।
একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।


