...|...|...

খেলা

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টাইগারদের টেস্ট সিরিজ, উচ্ছ্বসিত তাসকিন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:১৮ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, সকাল ৮:২১
Shares
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টাইগারদের টেস্ট সিরিজ, উচ্ছ্বসিত তাসকিন

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলার সুযোগকে বড় চ্যালেঞ্জের পাশাপাশি বাংলাদেশের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন তিনি। কঠিন সিরিজ হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী এই পেসার।

সোমবার (১০ আগস্ট) ডারউইনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তাসকিন। অস্ট্রেলিয়ায় এর আগে কয়েকবার এলেও এবারই প্রথম ডারউইনে খেলতে এসেছেন তিনি। একই সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার অভিজ্ঞতাও এবারই প্রথম হতে যাচ্ছে তার। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাঠে খেলাকে বিশেষ সুযোগ হিসেবে দেখছেন তাসকিন। ডারউইনের আবহাওয়াও উপভোগ করছেন তাসকিন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত সব চমৎকার যাচ্ছে। ডারউইনে আমি এই প্রথম এলাম। আবহাওয়াটাও বেশ সুন্দর, আমাদের বাংলাদেশের মতোই বেশ গরম আর আরামদায়ক। অস্ট্রেলিয়ায় আগে কয়েকবার আসা হলেও ডারউইনে আসা কিংবা টেস্ট সিরিজের জন্য আসা দুটোই আমার জন্য প্রথমবার। তাই পুরো ব্যাপারটা বেশ উপভোগ করছি, মুখিয়ে আছি বলা যায়।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে আমরা সত্যি সম্মানিত। কোনো সন্দেহ নেই যে ওরা বিশ্বের অন্যতম সেরা দল। ওদের মাটিতে এসে ওদের বিপক্ষেই টেস্ট খেলা আমাদের জন্য অনেক বড় এক গর্বের বিষয়, আর আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব।’

সিরিজটি যে বাংলাদেশের জন্য সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন তাসকিন। তবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষেও নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে ভালো ফলের প্রত্যাশা তার। তিনি বলেন, ‘সিরিজটা যে একদমই সহজ হবে না সেটা জানি, তবে তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ কিছু করার ব্যাপারে আমরা আশাবাদী।’

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হওয়া বাংলাদেশের জন্য হতাশার হলেও কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে ম্যাচটি কাজে এসেছে বলে মনে করছেন তাসকিনরা।