...|...|...

বিশ্ব

১৪৫ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানবে যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৩:৪৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৩:৪৪
Shares
১৪৫ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানবে যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, এটি আরও শক্তিশালী হয়ে ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আইএমডির সর্বশেষ বুলেটিনে বলা হয়, দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের বুলেটিনে আইএমডি জানায়, গত ছয় ঘণ্টায় সিস্টেমটি ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৫টায় ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে, শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৬৩০ কিলোমিটার উত্তর-পূর্বে, অন্ধ্র প্রদেশের মাচিলিপট্টনম থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ওডিশার গোপালপুর থেকে প্রায় ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৯ নভেম্বর সকাল নাগাদ আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ২০ নভেম্বর দুপুরের দিকে অন্ধ্র প্রদেশ ও ইয়ানাম উপকূলে নেল্লোর ও টুনির মধ্যবর্তী এলাকা দিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি স্থলভাগ অতিক্রম করতে পারে।

এ সময় বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।