...|...|...

বিশ্ব

হামলার অপেক্ষা নয়, যুক্তরাষ্ট্রকে আগেই জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৬
Shares
হামলার অপেক্ষা নয়, যুক্তরাষ্ট্রকে আগেই জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে তার অপেক্ষায় না থেকে আগাম পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি অভিযোগ করেছেন, ওয়াশিংটন সম্ভবত নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিতে কূটনৈতিক তৎপরতাকে কাজে লাগাচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে সম্ভাব্য তিনটি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে তেহরান। এগুলো হলো কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক আগ্রাসন। ফারস নিউজ এজেন্সি সাক্ষাৎকারটি প্রকাশ করেছে।

তিনি বলেন, ইরান কিউবা নয় যে আপনারা একে অবরোধ করে রাখবেন, আবার ভেনেজুয়েলাও নয় যে আপনারা চাপ দিয়ে আত্মসমর্পণ করাবেন। আকাশপথ কিংবা স্থলপথে অবরোধ আরোপ করে মার্কিন বাহিনী এখন পর্যন্ত সফল হতে পারেনি বলেও দাবি করেন তিনি।

এ সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কথাও জানান গারিবাবাদি।

তেহরানের এই উপপররাষ্ট্রমন্ত্রীর আশঙ্কা, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর ক্ষেত্র প্রস্তুত করতেই কূটনৈতিক আলোচনাকে ব্যবহার করতে পারে। একইসাথে ইরান বর্তমানে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অবস্থায় রয়েছে, এমন ধারণাও প্রত্যাখ্যান করেন তিনি।

গারিবাবাদি বলেন, আমার ব্যক্তিগত বিশ্বাস হলো, আইনি দৃষ্টিকোণ থেকে আমরা এখনও যুদ্ধাবস্থায় আছি; এটি কোনো যুদ্ধ নয়, শান্তিও নয় ধরনের পরিস্থিতি নয়।

তিনি আরও জানান, ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত দেশটির পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) দেওয়া হবে না।

সংঘাতের সময় ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার পুনর্বহালের আহ্বান জানিয়েছিল আইএইএ। এর পরিপ্রেক্ষিতেই গারিবাবাদি এ মন্তব্য করেন।

ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে আইএইএর অনুরোধের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, এই পরিদর্শনের মাধ্যমে সম্ভবত মার্কিন সমরাস্ত্রের কার্যকারিতা মূল্যায়নের চেষ্টা করা হচ্ছে।