হল ফি হ্রাস, আবাসন সংকট নিরসন, এবং শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি তিতুমীর কলেজ শাখা।
বৃহস্পতিবার (১৬ জুন) তিতুমীর কলেজের উপাধ্যক্ষের কার্যালয়ে এ স্মারকলিপি পেশ করেন সংগঠনটির শাখা সেক্রেটারি সোহেল রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
স্মারকলিপিতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজ দেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অধ্যায়নরত হাজারো শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদের শিক্ষা জীবন পরিচালনা করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে আবাসন সংকট, অতিরিক্ত হোস্টেল ফি, হলসমূহের বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার এবং শিক্ষার অনুকূল পরিবেশের ঘাটতির কারণে শিক্ষার্থীরা নানামুখী ভোগান্তির শিকার হচ্ছে। সীমিত আসনের বিপরীতে বিপুল সংখ্যক শিক্ষার্থী হলে অবস্থান করাই আবাসিক সুবিধা চরম চাপের মুখে পড়েছে। যা তাদের লেখাপড়া, মানসিক স্বস্তি এবং সার্বিক শিক্ষাজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, হল ফি সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য আর্থিক সংকট হয়ে দাঁড়িয়েছে। দেশের বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় অনেক শিক্ষার্থী সীমিত সামর্থের পরিবার থেকে উঠে এসে উচ্চশিক্ষা গ্রহণ করছে। ফলে আবাসন ব্যয় কমিয়ে শিক্ষার্থীবান্ধব পর্যায়ে নিয়ে আসা সময়ের দাবি হয়ে উঠেছে।
একইসাথে শিক্ষার্থীদের আবাসনস্থল হিসেবে হলগুলো হওয়া উচিত নিরাপদ, স্বস্তিদায়ক এবং বৈষম্যহীন। কোনো শিক্ষার্থী যেন তার রাজনৈতিক মত, সামাজিক পরিচয় বা ব্যক্তিগত কারণে হয়রানি, চাপ বা বঞ্চনার শিকার না হয় টা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আমরা চাই কলেজের সকল হল এমন একটি পরিবেশে পরিচালিত হোক যেখানে শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও স্বাধীনতা সমুন্নত থাকবে এবং কোনো ধরনের আধিপত্য বা অজাজিত প্রভাবের সুযোগ থাকবে না।
শাখা ছাত্রশিবিরের দাবিগুলো হলো:
১. কলেজ হল ফি ৮০০০ টাকা থেকে কমিয়ে ৫০০০ করা হোক।
২. কলেজের সকল হলকে রাজনৈতিক ও আধিপত্য মুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩.আবাসন সংকট নিরসনে আঁখি হল দ্রুত চালু করতে হবে।
৪. ক্যাম্পাসে সুষ্ঠু, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।


