...|...|...

অর্থনীতি

গোল্ডম্যান স্যাকসের হিসাব

স্বর্ণের দামে বড় উত্থানের পূর্বাভাস, রাজত্ব চলতে পারে টানা ২৪ মাস

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৩
Shares
স্বর্ণের দামে বড় উত্থানের পূর্বাভাস, রাজত্ব চলতে পারে টানা ২৪ মাস

ছবি: সংগৃহীত

স্বর্ণের বাজারে সাময়িক দরপতন এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা থাকলেও আগামী ২৪ মাস মূল্যবান এই ধাতুর দাপট অব্যাহত থাকতে পারে। মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স (৩১.১০৩ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে। আর ২০২৮ সালের শেষ নাগাদ তা আরও বেড়ে ৫ হাজার ৬০০ ডলার হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনাকাটাকে সম্ভাব্য এই মূল্যবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

গোল্ডম্যান স্যাকসের হিসাব অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতি মাসে গড়ে ৬০ টন স্বর্ণ কিনতে পারে। ২০২২ সালের আগে মাসিক গড় কেনার পরিমাণ ছিল ১৭ টন। রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ করার পর থেকে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের মজুত বাড়ানোর দিকে ঝুঁকেছে। চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বর্তমানে স্বর্ণের অংশ ১১ দশমিক ৮ শতাংশ। ভবিষ্যতে তা ২০ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা গোল্ডম্যান স্যাকসের।

প্রতিষ্ঠানটির মতে, স্বর্ণের তুলনায় রুপার বাজারে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সমর্থন নেই। ফলে বিনিয়োগের অর্থের প্রবাহ ও তারল্যের পরিবর্তনে রুপার দাম বেশি প্রভাবিত হতে পারে। চলতি বছরের শুরুর দিকে লন্ডনের বাজারে তারল্য সংকটের মধ্যে রুপার দাম আউন্সপ্রতি ১২০ ডলার ছাড়ালেও এমন উত্থান আবার হওয়ার সম্ভাবনা দেখছে না গোল্ডম্যান স্যাকস।

ব্যাংকটির পূর্বাভাস, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ২০২৬ সালের ডিসেম্বরে এবং ২০২৭ সালের মার্চে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট করে বাড়াতে পারে। তবে পরে সুদের হার কমানো শুরু হলে পশ্চিমা বাজারে স্বর্ণে বিনিয়োগের চাহিদা বাড়তে পারে। এতে ২০২৮ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ৬০০ ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যদিও প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে যে এগুলো কেবল পূর্বাভাস, বাজারের নিশ্চিত গতিপথের নিশ্চয়তা নয়।