স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদিত একটি ওষুধ। উইলসার্ডলি (গিরেডেস্ট্র্যান্ট) নামের ওষুধটি প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যাবে। বিশেষ করে অস্ত্রোপচারের পর ক্যানসার পুনরায় ফিরে আসার ঝুঁকি কমাতে এটি কার্যকর হতে পারে। দুই দশকের বেশি সময় পর এ ধরনের রোগের চিকিৎসায় নতুন হরমোন থেরাপির অনুমোদন দিল এফডিএ।
সোমবার (২৩ নভেম্বর) নতুন ওষুধটির অনুমোদনের ঘোষণা দেয় সংস্থাটি। সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশের সহযোগী প্রতিষ্ঠান জেনেনটেক এটি তৈরি করেছে। প্রতিদিন একবার ট্যাবলেট হিসেবে ওষুধটি সেবন করতে হবে। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
তবে ওষুধটি সব ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা যাবে না। প্রাপ্তবয়স্ক যেসব রোগীর ক্যানসার ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ (ইআর-পজিটিভ) এবং এইচইআর২-নেগেটিভ, তাদের নির্দিষ্ট পর্যায়ের রোগে এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বিশেষ করে অস্ত্রোপচারের পর যেসব রোগীর ক্যানসার ফিরে আসার ঝুঁকি মাঝারি থেকে বেশি, তারা এ চিকিৎসার আওতায় আসবেন।
ইআর-পজিটিভ স্তন ক্যানসারের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন ক্যানসার কোষের বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে। নতুন ওষুধটি ক্যানসার কোষের ইস্ট্রোজেন রিসেপ্টরের কার্যক্রম বন্ধ করার পাশাপাশি রিসেপ্টরটি ভেঙে ফেলতে সহায়তা করে। ফলে ক্যানসার কোষের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ সংকেত বাধাগ্রস্ত হয়।
এফডিএর অনুমোদনের পেছনে রয়েছে ৪ হাজার ১৭০ জন রোগীর অংশগ্রহণে পরিচালিত তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল। এই গবেষণায় নতুন ওষুধটির কার্যকারিতার সাথে প্রচলিত হরমোন চিকিৎসার তুলনা করা হয়। প্রচলিত চিকিৎসায় রোগীদের ট্যামোক্সিফেন অথবা অ্যারোমাটেজ ইনহিবিটর দেওয়া হয়েছিল।
গবেষণার ফলাফলে দেখা যায়, প্রচলিত হরমোন চিকিৎসার তুলনায় নতুন ওষুধ ব্যবহারে ক্যানসার ফিরে আসা অথবা রোগীর মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৩০ শতাংশ কমেছে। চিকিৎসা শুরুর তিন বছর পর নতুন ওষুধ গ্রহণকারী রোগীদের ৯২ দশমিক ৪ শতাংশ ক্যানসার ফিরে আসা ছাড়াই বেঁচে ছিলেন। অন্যদিকে প্রচলিত চিকিৎসা নেওয়া রোগীদের ক্ষেত্রে এই হার ছিল ৮৯ দশমিক ৬ শতাংশ।
তবে ওষুধটি রোগীদের সামগ্রিক আয়ু বাড়াতে পারে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এ বিষয়ে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ চলছে। রোগীদের পরবর্তী শারীরিক অবস্থা ও চিকিৎসার ফলাফল নিয়মিত অনুসরণ করা হবে বলে জানিয়েছে এফডিএ।
নতুন ওষুধটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। এর মধ্যে পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, শরীরে গরম অনুভূতি, ক্লান্তি, মাথাব্যথা, বমিভাব ও মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া রক্ত পরীক্ষায় যকৃতের এনজাইম, রক্তকণিকা এবং রক্তে চর্বির মাত্রায় পরিবর্তন আসার আশঙ্কাও রয়েছে।
এফডিএর তথ্যমতে, গত ১৬ নভেম্বর উন্নত পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় অন্য একটি ওষুধের সাথে ব্যবহারের জন্য গিরেডেস্ট্র্যান্টের অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে এবার প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসাতেও ওষুধটি ব্যবহারের সুযোগ তৈরি হলো।


