...|...|...

আইন ও আদালত

সালমান এফ রহমানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, সকাল ১১:৪০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৫৪
Shares
সালমান এফ রহমানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল।

রবিবার (৩০ আগস্ট) বিষয়টি জানিয়েছেন সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি জানান, তার সঙ্গে কাজ করার জন্যই ব্রিটিশ আইনজীবী বার কাউন্সিলে আবেদন করেছেন।

তিনি বলেন, ‘আমার সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ বার কাউন্সিলে এ আবেদন করেছেন।’

জানা গেছে, গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদনটি করেন। গত ২৪ আগস্ট আবেদনটি গ্রহণ করেছে বার কাউন্সিল। তবে তার বাংলাদেশে এসে মামলায় অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমানের মামলায় অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র। প্রসিকিউশনের অভিযোগ, আসামিদের ধারাবাহিক নির্দেশনা ও কর্মকাণ্ডের ফলে মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন।

এসব নির্যাতন বন্ধে সালমান এফ রহমান ও সংশ্লিষ্ট অন্য আসামিরা কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান এফ রহমান ও অপর আসামি আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই তাদের মধ্যে ফোনে কথোপকথন হয়।

এ মামলায় সালমান এফ রহমানের পক্ষে ইতোমধ্যে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী রয়েছেন। তার সঙ্গে যুক্ত হয়ে ব্রিটিশ আইনজীবী গ্রায়েম এল. হল মামলাটি পরিচালনায় অংশ নিতে আবেদন করেছেন।

বার কাউন্সিলের অনুমোদন পাওয়ার পরই বিদেশি এই আইনজীবীর ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।