...|...|...

ঢাকা

সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:১৭
Shares
সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৩ আগস্ট) রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আল-আমিন সৈকতের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
নিহত আল-আমিন সৈকত ভৈরবপুর উত্তরপাড়ার আড়াই বেপারি বাড়ির ব্যবসায়ী জসিম মিয়ার ছেলে। তিনি ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ভৈরব পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ছিলেন।

 বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলের নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

তবে কী কারণে এবং কারা আল-আমিন সৈকতের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।