...|...|...

খেলা

সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২১
Shares
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ব্যাট হাতে ছোট্ট অবদান, বল হাতে বিধ্বংসী সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে অলরাউন্ড নৈপুণ্যে আটলান্টা ফায়ারের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তার দুর্দান্ত বোলিংয়ে লডারডেল লায়ন্স গুটিয়ে যায় মাত্র ৬০ রানে। ফলে ৯৪ রানের বড় জয় পায় আটলান্টা।

চার্চ স্ট্রিট পার্কে টস হেরে শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে আটলান্টা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক স্টিফেন টেলর। ২৯ বলের ইনিংসে তিনটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। পার্থ প্যাটেলের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৯ রান।

ব্যাট হাতে সাকিবের অবদান ছিল ১৮ রান। ১৮ বল খেলে দুটি চার মেরে এই রান করেন তিনি। তবে নিজের আসল ঝলক দেখিয়েছেন বোলিংয়ে।

লডারডেলের রান তাড়ার চতুর্থ ওভারে আক্রমণে এসেই মেডেনসহ একটি উইকেট তুলে নেন সাকিব। ষষ্ঠ ওভারে দ্বিতীয় স্পেলে ফিরে মাত্র ৪ রান দিয়ে আরেকটি উইকেট শিকার করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

শেষবার বোলিংয়ে ফেরেন ১৩তম ওভারে। এবারও মেডেন দিয়ে ওভার শেষ করেন সাকিব। সেই ওভারেই কুশারেকে বোল্ড করে পূর্ণ করেন তিন উইকেট। ৪ ওভারের স্পেলে তার বোলিং ফিগার দাঁড়ায় ৪-২-৪-৩ অর্থাৎ ৪ রান খরচ করে ৩ উইকেট, সাথে দুটি মেডেন।

সাকিবের সাথে বল হাতে আলো ছড়ান সানি প্যাটেলও। তিন উইকেট নিয়ে লডারডেলের ব্যাটিং লাইনআপে বড় ধস নামাতে ভূমিকা রাখেন তিনি।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে লডারডেল। অধিনায়ক রওনক শর্মার ২৭ রানই দলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তাকে ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ৬০ রানেই অলআউট হয়ে যায় লডারডেল।

ফলে ৯৪ রানের বড় জয় পায় আটলান্টা ফায়ার। ব্যাট হাতে ১৮ রান এবং বল হাতে মাত্র ৪ রান দিয়ে ৩ উইকেট—সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সেই ম্যাচের অন্যতম প্রধান নায়ক হয়ে থাকলেন বাংলাদেশের এই তারকা।