শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হয়ে আদালতের রায় মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাবর বলেন, শেখ হাসিনা প্রত্যর্পণ করতে চাইলে করতে পারবেন। আর উনার ব্যাপারে আইন নিজস্ব গতিতে চলবে, যেমন আমার ব্যাপারে চলবে। সকলের ক্ষেত্রে আইন নিজস্ব গতিতে চলবে উনার ব্যাপারেও তাই হবে।
নিজের কারাবাসের প্রসঙ্গ তুলে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি প্রায় সাড়ে ১৭ বছর জেলে ছিলাম। তিনটা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল অন্যায়ভাবে, মিথ্যার ওপর।
শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া বিচার প্রসঙ্গে তিনি বলেন, উনার যে দণ্ডটা হয়েছিল, তা ন্যায়ের ওপর, স্বচ্ছ বিচারের মাধ্যমে হয়েছে। জাতিসংঘও সে তদন্ত করেছে।
শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হলে তাকে সাধুবাদ জানাবেন উল্লেখ করে বাবর বলেন, উনি যদি আসতে চান, বিচারের মুখোমুখি হন এবং বিচারের রায় মেনে নেন সেটাই আমরা প্রত্যাশা করি।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন সুলতানা এবং পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল মো. হুমায়ুন মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


