বাংলাদেশের শিক্ষাজীবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়। উচ্চশিক্ষায় প্রবেশ, কলেজে ভর্তি, বৃত্তি, কারিগরি শিক্ষা এমনকি কিছু চাকরির ক্ষেত্রেও এই ফলাফলের প্রভাব রয়েছে।
এসএসসির ফলের সবচেয়ে সরাসরি প্রভাব পড়ে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে। বর্তমানে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। এসএসসি বা সমমান পরীক্ষার জিপিএ ও মোট নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম তৈরি করা হয় এবং পছন্দের তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কলেজে আসন বরাদ্দ দেওয়া হয়।
ফলে একজন শিক্ষার্থীর ফলাফল যত ভালো হয়, পছন্দের ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগও তত বাড়ে।
শুধু কলেজ নয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও এসএসসির ফল বিবেচনায় নেওয়া হয়। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ন্যূনতম যোগ্যতা নির্ধারণে এসএসসি ও এইচএসসির জিপিএর শর্ত থাকে। কোনো কোনো ক্ষেত্রে ভর্তি পরীক্ষার চূড়ান্ত মেধাক্রম তৈরিতেও এই দুই পরীক্ষার ফল থেকে নম্বর যোগ করা হয়।
উদাহরণ হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য এসএসসি ও এইচএসসির জিপিএর যোগফলের নির্দিষ্ট শর্ত রয়েছে। বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম জিপিএ যোগফল ৮ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য সাড়ে ৭ প্রয়োজন হয়।
এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও মেডিক্যাল কলেজে ভর্তির আবেদন করতে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ১০ থাকার শর্ত রয়েছে।
এসএসসির ভালো ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি বিভিন্ন বৃত্তির সুযোগও পেয়ে থাকে।
যারা সাধারণ উচ্চশিক্ষার পরিবর্তে কারিগরি শিক্ষায় যেতে চান, তাদের জন্যও এসএসসির ফল গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় সাধারণত ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ প্রয়োজন হয়। তবে কোর্সভেদে এই যোগ্যতার পরিবর্তন হতে পারে।
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে অনেক সময় সামগ্রিক জিপিএর পাশাপাশি গণিত বিষয়ে আলাদা জিপিএর শর্তও থাকে।
তবে শিক্ষাখাত সংশ্লিষ্টরা বলছেন, কর্মজীবনে প্রবেশের পর এসএসসি ফলাফলের সরাসরি প্রভাব তুলনামূলকভাবে কম। কারণ কর্মক্ষেত্রে দক্ষতা, অভিজ্ঞতা ও উচ্চশিক্ষার যোগ্যতাই বেশি গুরুত্ব পায়।
তারপরও কিছু চাকরির ক্ষেত্রে এসএসসি ফলাফল যোগ্যতার মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের অনেক বিজ্ঞপ্তিতে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ফলাফলের শর্ত দেওয়া থাকে। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরিতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের সনদ চাওয়া হয়।
তবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসএসসিতে নির্দিষ্ট কোনো ফলাফল বাধ্যতামূলক নয়। ৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতেও এসএসসি ও এইচএসসির নির্দিষ্ট জিপিএ চাওয়া হয়নি। তবে বলা হয়েছে, কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না।
এ ছাড়া বিভিন্ন চাকরি, লাইসেন্স বা সনদ গ্রহণের ক্ষেত্রে এসএসসি সনদ অনেক সময় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও অনেক প্রবাসী কর্মীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে এসএসসি বা সমমানের সনদ প্রয়োজন হয়।
সব মিলিয়ে, এসএসসি পরীক্ষার ফলের সবচেয়ে বড় প্রভাব পড়ে শিক্ষাজীবনের পরবর্তী ধাপে। তবে উচ্চশিক্ষা, বৃত্তি, কারিগরি শিক্ষা এবং নির্দিষ্ট কিছু চাকরির ক্ষেত্রেও এই ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


