আবুধাবি টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২২৩ রানের সংগ্রহ তুলেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েও হতাশ করেছেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। দুজনই ফিরেছেন ৮০ রানের কোটাতে। টাইগারদের লিড ৩২৯ রানের।
৩ উইকেট হারিয়ে ১২৪ রান নিয়ে চা বিরতির পর তৃতীয় সেশনের খেলা শুরু করে বাংলাদেশ। চা বিরতির পর ফিফটি ছুঁয়েছেন মুশফিক। ফিফটির কাছাকাছি চলে গেছেন শান্তও। খোলস ছেড়ে বেরিয়ে দারুণ সব শটে রান বের করেছেন টাইগার অধিনায়ক। খেলেছেন চমৎকার সব সুইপ শটও।
সাবলীল ব্যাটিংয়ে ফিফটি পেয়েছেন শান্তও। ৩০০ ছুঁয়েছে বাংলাদেশের লিড। কার্যকরী ব্যাটিংয়ে রান বের করেছেন মুশফিক এবং শান্ত। উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট। তাতে দলের বোর্ডে রান বেড়েছে, লিডও বেড়েছে।
সেঞ্চুরির দিকে ছুটেছেন মুশফিকুর রহিম। তবে বিদায় নিয়েছেন সেঞ্চুরির আগেই।
১৪৮ বলে ৮১ রান করে সাজঘরে ফিরে গেছেন মুশফিক। টিকে ছিলেন শান্ত। সেঞ্চুরির সুযোগ ছিল তার সামনেও। তবে একদম শেষ বিকেলে এসে শান্তও আউট হয়েছেন। ১৪৮ বলে ৮১ রান করে বিদায় নেন শান্ত।
লিটন দাসের সাথে নাইটওয়াচম্যান হিসেবে নেমে টিকতে পারেননি হাসান মাহমুদ। ৬ বলে ১ রান করে হাসান বিদায় নেন। পরে মেহেদী হাসান মিরাজ নেমে দিনের শেষ বল মোকাবেলা করেছেন। ১৩ বলে ৫ রান করে টিকে আছেন লিটন। বাংলাদেশের লিড এখন ৩২৯ রানের।
আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন জিয়াউর রহমান এবং ইয়ামিন আহমেদজাই। ১টি করে উইকেট তুলেছেন মোহাম্মদ সেলিম এবং কাইস আহমেদ।


