দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টেনে লিভারপুল ছাড়ার পর নতুন ঠিকানার খুব কাছাকাছি মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ । তুরস্কের সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পোর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ফ্রি এজেন্ট হিসেবে থাকা সালাহকে দলে ভেড়াতে তারা আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে তুরস্কের পাবলিক ডিসক্লোজার প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে ট্রাবজোনস্পোর জানায়, সালাহকে দলে টানতে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। ক্লাবটির সভাপতি এরতুঘরুল দোগান স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বুধবার মেডিকেল পরীক্ষার জন্য ইস্তাম্বুলে পৌঁছাবেন সালাহ। এরপর ট্রাবজোনে গিয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করার কথা রয়েছে, যা বৃহস্পতিবার সম্পন্ন হতে পারে।
২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়ে পরিণত হন সালাহ। অলরেডদের জার্সিতে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করার পাশাপাশি দুটি প্রিমিয়ার লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা জিতেছেন তিনি।
২০২৪-২৫ মৌসুমে ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট করে প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন সালাহ। একই মৌসুমে জেতেন প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়, গোল্ডেন বুট ও প্লেমেকার অ্যাওয়ার্ড—যা এক মৌসুমে একইসাথে জেতা প্রথম ফুটবলার তিনি।
তবে গত মৌসুমে তার পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়ে। লিগে ২৭ ম্যাচে করেন ৭ গোল ও ৭ অ্যাসিস্ট। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয় তাকে, যা তৎকালীন কোচ আর্নে স্লট –এর সঙ্গে প্রকাশ্য মতবিরোধেরও জন্ম দেয়।
ইউরোপীয় ক্যারিয়ার শুরু করা সালাহ সুইজারল্যান্ডের এফসি বাসেল থেকে পরে চেলসি এফ.সি., এসিএফ ফিওরেন্তিনা এবং এএস রোমা হয়ে লিভারপুলে যোগ দেন।
অন্যদিকে, গত মৌসুমে তুরস্কের সুপার লিগে তৃতীয় হওয়া ট্রাবজোনস্পোর এবার উয়েফা ইউরোপা লিগের প্লে-অফে খেলবে। এর আগে সালাহকে দলে নেওয়ার চেষ্টা করেছিল বেশিকতাশ জে.কে। তবে আর্থিক শর্ত ও ইমেজ রাইটস নিয়ে সমঝোতা না হওয়ায় সেই আলোচনা শেষ পর্যন্ত সফল হয়নি।


