লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ধনেশ্বর বর্মণ (৫৫) নামের এক ভারতীয় নাগরিককে মারধর করে বাংলাদেশে পুশইনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে কদুর বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পাটগ্রাম থানা-পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম ধনেশ্বর বর্মণ, বাবার নাম রমেশ্বর বর্মণ ও মায়ের নাম শেকেরী বালা বর্মণ বলে জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকার বাসিন্দা।
থানা-পুলিশ, বিজিবি, স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৬৪ নম্বর প্রধান পিলারের ৪ ও ৫ নম্বর উপপিলারের কাছাকাছি পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট ও বৈরাগিরহাট সীমান্ত এলাকা। এর বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট সীমান্ত।
অভিযোগ রয়েছে, ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার একটি ফটক দিয়ে ধনেশ্বরকে মারধর করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠান। পরে তিনি হেঁটে কদুর বাজার এলাকায় পৌঁছান। সেখানে অপরিচিত ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
ধনেশ্বরের কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম বলেন, পুলিশ ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। তিনি অপ্রকৃতিস্থ বা মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। কোন সীমান্ত দিয়ে এসেছেন, তা সঠিকভাবে বলতে পারছেন না। তবে তার কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে, তিনি ভারতীয় নাগরিক।
বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও যোগাযোগ করা হয়নি। হলে পরে জানাব।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ওই ব্যক্তিকে থানায় নিয়ে এসেছি। তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিচ্ছেন। এ বিষয়ে বিজিবির সাথে যোগাযোগ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, যেহেতু শূন্যরেখায় তাকে পাওয়া যায়নি, তাই বাংলাদেশকে আইনি ব্যবস্থা নিতে হবে।’
ওসি আরও বলেন, ‘আমরা তার পরিচয় যাচাই-বাছাই করছি। ভারতে তার স্বজন বা পরিচিত কারও সাথে যোগাযোগ করা যায় কি না, সেই চেষ্টা চলছে। তিনি সত্যিই ভারতীয় নাগরিক হলে এবং তার কাছে পাসপোর্ট না থাকলে আইন অনুযায়ী মামলা করা হবে।’


