...|...|...

সারাদেশ

রুমিন ফারহানাকে ‘লীগের ইজারাদার’ বললেন কৃষকদল নেতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, রাত ৮:৩২
Shares
রুমিন ফারহানাকে ‘লীগের ইজারাদার’ বললেন কৃষকদল নেতা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সাথে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাদানুবাদের ঘটনায় তাকে ‘লীগের ইজারাদার’ বলে ফেসবুকে পোস্ট দিয়েছেন সরাইল উপজেলা কৃষকদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাইমুন ইসলাম রুমান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানায় ওসির কক্ষে এ বাদানুবাদের ঘটনা ঘটে। এ সময় পুলিশের বিরুদ্ধে নির্যাতন, ঘুষ গ্রহণ ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়া নিয়ে ওসি মনজুর কাদের ভূঁইয়ার সাথে কথা বলছেন রুমিন ফারহানা। একপর্যায়ে ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি তো অনেক বড় আওয়ামী লীগ ছিলেন।’ এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অন্যদিকে, ওসি মনজুর কাদের ভূঁইয়া অভিযোগ করেন, সংসদ সদস্য বিপুলসংখ্যক লোকজন নিয়ে থানায় এসে হইচই করে মব সৃষ্টি করেছেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে বিভিন্ন অভিযোগ তোলেন। তবে আগের তুলনায় এলাকায় দাঙ্গা-হাঙ্গামা অনেকটা কমেছে বলে দাবি করেন ওসি।

এ ঘটনার পর সাইমুন ইসলাম রুমান নিজের ফেসবুক পোস্টে ওসি মনজুর কাদের ভূঁইয়ার পারিবারিক রাজনৈতিক পরিচয় তুলে ধরে রুমিন ফারহানার মন্তব্যের সমালোচনা করেন।

পোস্টে তিনি লেখেন, ‘ওসি মনজুর কাদের ভূইয়া বিএনপি পরিবারের সন্তান, উনার ভাই রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি। লীগের সময় উনার জুনিয়রা থানার দায়িত্ব পেলেও তিনি হয়েছিলেন বঞ্চিত। তারা ভেবেছে মনজুর কাদের ভূঁইয়া উড়ে এসেছে!’

ব্যারিস্টার আপা আপনি নিজে লীগের ইজারাদার হয়ে ওসি সাহেবকে লীগ ট্যাগ দিচ্ছেন, বাহ্ কি চমৎকার!’

পোস্টে সাইমুন ইসলাম রুমান দাবি করেন, ওসি মনজুর কাদের ভূঁইয়া বিএনপি পরিবারের সন্তান এবং তার ভাই রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে তার জুনিয়র কর্মকর্তারা থানার দায়িত্ব পেলেও তিনি বঞ্চিত হয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

একই সাথে রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করে তাকে ‘লীগের ইজারাদার’ বলে আখ্যায়িত করেন কৃষকদলের এই নেতা।