লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী চারদিন ধরে নিখোঁজ রয়েছে। গত রবিবার সকালে স্কুলে ও মাদ্রাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টায় নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের অভিভাবক এমরান হোসেন ও ব্যবসায়ী জাকির হোসেনসহ স্বজনেরা।
নিখোঁজ আরাফাত সায়েম (১৪) কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজিবাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে নিখোঁজ মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪) গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের একমাত্র ছেলে। সে রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নিখোঁজ শিশু সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন বলেন, রবিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারা বাড়ি থেকে বের হয়। এরপর সারা দিন আর বাড়িতে ফেরেনি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সায়েম ও মিনহাজ নামের দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় ডায়েরি করা হয়েছে।


