লক্ষ্মীপুরের রামগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেনের মালিকানাধীন বাসটি রাতে চালক মমিন হোসেন সেখানে রেখে যান। ঘটনার সময় চালক গাড়িতে ছিলেন না। তবে বাসটির হেলপার হেলাল প্রতিদিনের মতো রাতেও গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পর ফিরে এসে তিনি বাসে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বাসের একটি সিটের ওপর কয়েল দেখতে পাওয়া গেছে। প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, বাসটির ভেতরে প্রতিদিন একজন ব্যক্তি ঘুমাতেন।
বাসের মালিক আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আগুনে পাশের রাজু অটোর সামনে থাকা সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে যায়।
দোকানের মালিক ইউছুফ আলী বাবু জানান, প্রতিদিন বাসটি সেখানে রাখতে নিষেধ করা হলেও চালক তা মানেননি। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


