রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপহার হিসেবে একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের লেখা ‘মনকে কাজ দিন’ বই দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে বইটি তুলে দেওয়া হয়। এ নিয়ে শিক্ষার্থীদের একাংশ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের মধ্যে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
সমালোচকদের অভিযোগ, নবীনবরণের মতো একটি শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ও স্বাধীনতাবিরোধী হিসেবে চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিত্বকে সাধারণীকরণের চেষ্টা করা হচ্ছে। এমন ব্যক্তির লেখা বই নবীন শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাবি শাখার আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, বেশ কয়েক বছর ধরে একাত্তরের যুদ্ধাপরাধীদের নর্মালাইজেশনের প্রক্রিয়া চলছে। শিবিরের নবীনবরণে মাথাপিছু সহস্রাধিক টাকা খরচ হয়েছে। এটা কোনো শিক্ষার্থীসুলভ সংগঠনের কর্মকাণ্ড নয়। এখানে দেশি-বিদেশি বাংলাদেশবিরোধী শক্তির বিনিয়োগ নেই—তার নিশ্চয়তা কী?
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, নবীনবরণ আয়োজনের আড়ালে নবীন শিক্ষার্থীদের হাতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ রাজনৈতিক মতাদর্শের বই তুলে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে গোলাম আযম, যিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার কারণে ইতিহাসে চিহ্নিত, তার লেখা বই নবীনদের হাতে তুলে দেওয়া কোনোভাবেই একটি বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে বই বিতরণ নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য দিতে রাজি হননি রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, এটা নিয়ে আমরা এখন কথা বলতে চাচ্ছি না। যখন এটা নিয়ে সমালোচনা তৈরি হবে, তখন আমরা এর ক্লিয়ারেন্স দেব। যতক্ষণ বিতর্ক সৃষ্টি হচ্ছে না, ততক্ষণ এটা নিয়ে কথা বলার প্রয়োজন বোধ করছি না।
শনিবারের অনুষ্ঠানে রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথি ছিলেন জামায়াত এমপি মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াত এমপি নূরুল ইসলাম বুলবুল ও ড. শফিকুল ইসলাম মাসুদ। এতে সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

