পরিবহন শ্রমিকদের বিরোধকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার পর থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে দুই জেলার যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
বাস না চলায় বাধ্য হয়ে যাত্রীরা মাহেন্দ্র, অটোরিকশাসহ ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন। এতে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি স্বাভাবিকের তুলনায় বেশি সময়ও লাগছে যাতায়াতে।
পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চলাচলে স্থানীয় পরিবহন শ্রমিকরা বাধা দেন। এ ঘটনার পর ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের কর্মীরা রাজবাড়ীর লোকাল বাস টার্মিনালে কয়েকটি বাস আটকে দেন। এ সময় শ্রমিকদের সাথে হাতাহাতির অভিযোগও ওঠে।
পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুপুরের পর থেকে রাজবাড়ী ও ফরিদপুরের মধ্যে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই জেলার মধ্যে চলাচলকারী সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।
রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক জানান, রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চলার অনুমতি থাকলেও বর্তমানে এর চেয়ে বেশি ট্রিপ পরিচালিত হচ্ছে। মঙ্গলবার একটি বাস চলাচলে বাধা দেওয়ার পর পাল্টাপাল্টি বাধার ঘটনা ঘটে। এর পর থেকেই দুই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ রয়েছে।
তিনি বলেন, রাজবাড়ী থেকে কোনো বাস বর্তমানে ফরিদপুরে যেতে পারছে না, একইভাবে ফরিদপুর থেকেও কোনো বাস রাজবাড়ীতে আসছে না।
এদিকে হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দ্রুত এ সংকটের সমাধান দাবি করেছেন। তাদের অভিযোগ, পরিবহন মালিক ও শ্রমিকদের বিরোধের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


