...|...|...

রাজধানী

রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেফতার ৩৪৪

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:০৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৯
Shares
রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেফতার ৩৪৪

ছবি: সংগৃৃহীত

রাজধানীর চার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ ব্লক রেইডে ৩৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটার গান, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে টানা চার ঘণ্টা রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), সোয়াট, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক শ সদস্য অংশ নেন।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে পল্লবী থেকে ২০২ জন, মোহাম্মদপুর থেকে ৫৯ জন, আদাবর থেকে ৪৫ জন এবং গেন্ডারিয়া থেকে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, মোহাম্মদপুর ও পল্লবীতে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের তথ্য প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, তাদের আদালতে পাঠানো হবে। অন্যদের ক্ষেত্রে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।