রমজানে খেজুরের বাড়তি দাম নিয়ন্ত্রণে আমদানি পর্যায়ে ভ্যাট কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। একইসাথে ভ্যাট ব্যবস্থাপনা আধুনিকায়ন ও রাজস্ব আহরণ বাড়াতে রিটার্ন জমার নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে। এ বিষয়ে দুটি প্রস্তাবই আজ রবিবার মন্ত্রিসভার বৈঠকে তোলা হয়েছে।
প্রতি বছর রমজান মাসে খেজুরের চাহিদা বাড়ার সাথে সাথে দামও বেড়ে যায়। এতে বাজারে অস্থিরতা তৈরি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় এবার আগেভাগেই উদ্যোগ নিয়েছে সরকার।
খেজুর আমদানিতে বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। এই হার কমানোর প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছে।
তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু রমজান মাসেই প্রয়োজন হয় ৬০ থেকে ৭০ হাজার টন। গত বছরও রমজানের আগে খেজুরের আমদানি শুল্ক ও কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে আমদানি ব্যয় কমার পাশাপাশি বাজারে দাম স্থিতিশীল রাখতে সহায়তা হয়েছিল বলে মনে করেন ব্যবসায়ীরা।
এদিকে, ভ্যাট ব্যবস্থাপনা আধুনিকায়ন ও রাজস্ব আহরণ বাড়াতে ২০১২ সালের ভ্যাট আইনের ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, এখন থেকে প্রতি মাসের ভ্যাট রিটার্ন পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। বর্তমানে প্রতি তিন মাসের করমেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার নিয়ম রয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে প্রতি মাসেই রিটার্ন জমা দিতে হবে। তবে মাসের ১৫ তারিখ সরকারি ছুটি হলে পরবর্তী কর্মদিবসে রিটার্ন জমা দেওয়া যাবে।
এ ছাড়া সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারীরা করমেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন।

