প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে আগামী সোমবার (৩০ নভেম্বর) রংপুর নগরীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে মহানগর নাগরিক কমিটি। গ্রাহক হয়রানি বন্ধ, আগের পোস্ট পেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিদ্যুৎ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ।
হরতাল সফল করতে ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছে সংগঠনটি। পাশাপাশি অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। প্রিপেইড মিটার বাতিলের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
পলাশ কান্তি নাগ বলেন, এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা দলের স্বার্থে নয়। আপামর বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে এই হরতাল। রংপুর মহানগর নাগরিক কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও চিন্তার মানুষদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। পেশিশক্তি কিংবা জবরদস্তি নয় জনগণের নৈতিক সমর্থন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে আমরা এই হরতাল সফল করতে চাই।
তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান এবং নির্বাচন-পরবর্তী সময়ে দেশের ইতিহাসে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে জনগণের নিজস্ব দাবিতে এটাই প্রথম হরতাল হতে যাচ্ছে।
প্রিপেইড মিটার নিয়ে অসন্তোষ প্রকাশ করে পলাশ কান্তি নাগ বলেন, বিদ্যুৎ মুনাফার পণ্য নয় জনতার অধিকার। বিদ্যুৎ বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান অথচ এখানে নাগরিক সেবা তো পরের কথা ন্যূনতম জবাবদিহিতা নেই। জনমতের তোয়াক্কা না করে মুষ্টিমেয় দুর্নীতিবাজ এবং লুটেরাদের স্বার্থে জবরদস্তিমূলক কায়দায় একতরফাভাবে প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়নে তারা মরিয়া হয়ে উঠেছেন। অথচ জনগণ এই প্রিপেইড মিটার চায় না। পোস্ট পেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের দ্বিগুণ তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বাস্তবিক অর্থে প্রিপেইড মিটার জনগণের পকেট কাটার ফাঁদ এবং ভোগান্তির যন্ত্রে পরিণত হয়েছে। এটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্প হলেও এখনো বহাল রয়েছে।
পলাশ কান্তি নাগ আরও বলেন, বর্তমান সরকারও বিগত সরকারের মতো দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করে চলেছে। তা না হলে সারাদেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকদের সমস্যাকে কেন আমলে নিচ্ছে না। এ সময় বিদ্যুৎ গ্রাহকদের ন্যায়সংগত দাবিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

