ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার কথা ছিল ককরোচ জনতা পার্টির নেতাকর্মী ও বিক্ষোভকারীদের।
তবে পুলিশের ব্যাপক উপস্থিতি ও বাধার কারণে বিক্ষোভকারীরা যন্তরমন্তরে এখন পর্যন্ত জড়ো হতে পারেননি। এমন অবস্থায় ককরোচ পার্টি নতুন নির্দেশনা দিয়েছে। দলটির ভারপ্রাপ্ত প্রধান নেতা অজিঙ্কা সিন্ধে বলেছেন, যেখানে আপনাদের আটকাবে, সেই জায়গাকে যন্তরমন্তরে পরিণত করুন।
কয়েক মাস আগে যন্তরমন্তরে দীর্ঘ আন্দোলন করে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করেছিল ককরোচ জনতা পার্টি। এখন তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেন্দ্র কুমারের পদত্যাগ চাইছেন।
মূলত ভোটার তালিকা থেকে কয়েক কোটি নাম বাদ দেওয়ায় দেশটির তরুণরা জ্ঞানেন্দ্রর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা বলেছেন, জ্ঞানেন্দ্র মোদি সরকারের আজ্ঞাবহ ব্যক্তিতে পরিণত হয়েছেন, ফলে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।
সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক গীতা পান্ডে যন্তরমন্তর থেকে জানিয়েছেন, সেখানে পুলিশ কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, মাথার উপর ড্রোন উড়ছে এবং জায়গায় জায়গায় ভারী লোহার ব্যারিকেড বসানো হয়েছে। সেখানে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এমনকি সংবাদ সংগ্রহে যাওয়া কিছু সাংবাদিককেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন গীতা। তিনি বলেছেন, সংবাদমাধ্যম নিউজলন্ড্রি এবং স্ক্রলের সাংবাদিকদের পুলিশ ধরে নিয়ে গেছে।


