যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ২৫৪ শিশু নিহত হয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত গোলামহোসেন দারজি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি দেশ দুটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে এসব ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা পরিষদে বক্তব্যে দারজি বলেন, ‘ইরান এই যুদ্ধের শিকার, কোনো আগ্রাসী পক্ষ নয়।’
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে ইরানের আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল, বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং অন্যান্য বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
দারজি বলেন, ‘যুক্তরাষ্ট্র একদিকে আগ্রাসন চালাবে ও বিপুলসংখ্যক বেসামরিক নাগরিকের মৃত্যুর কারণ হবে, আর অন্যদিকে এই পরিষদকে ব্যবহার করে নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরবে—তা হতে পারে না।’
এ সময় নিহত শিশুদের কয়েকজনের ছবিও নিরাপত্তা পরিষদে প্রদর্শন করেন ইরানের এই কূটনীতিক। তার ভাষ্যমতে, ছবিগুলোর মধ্যে একটি স্কুলে নিহত শিশুদের ছবিও ছিল। তিনি জানান, হামলায় প্রাণ হারানো ২৫৪ শিশুর মধ্যে এসব ছবি মাত্র কয়েকজনের।
দারজি আরও বলেন, এসব অপরাধের নির্দেশদাতা, বাস্তবায়নকারী ও সহায়তাকারীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। কোনোভাবেই তাদের দায়মুক্তি দেওয়া যাবে না।


