যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি তিনতলা আবাসিক ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকালে পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর ভবনটি ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনোরে জানান, স্থানীয় সময় বিকাল ৪টা ১ মিনিটে ব্রুকলিনের ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ে ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জরুরি বিভাগের কর্মীরা। পরে শুরু হয় উদ্ধার অভিযান।
তিনি জানান, ভবন ধসের সময় ভেতরে থাকা কয়েকজন বাসিন্দা এবং পাশের নির্মাণস্থলে কাজ করা শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক বিবৃতিতে এ ঘটনায় আটজনের প্রাণহানি ও অন্তত ১৭ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেন। নিহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি জানান, আহতদের মধ্যে তিনজন দমকলকর্মীও রয়েছেন।
মেয়র আরও বলেন, ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও উদ্ধারকাজ চলছে। উদ্ধারকর্মীদের নিরাপত্তা এবং অভিযান নির্বিঘ্ন রাখতে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


