যশোর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন হতে পারে এমন জোর গুঞ্জনে স্থানীয় নেতাকর্মীদের
মধ্যে নতুন করে তৎপরতা দেখা দিয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) থেকেই এলাকায় এ আলোচনা ছড়িয়ে
পড়ার ফলে শার্শার নির্বাচনি মাঠের চিত্রও দ্রুত বদলাতে শুরু করেছে।
এই আসনে মফিকুল হাসান তৃপ্তিকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপির একটি বড় অংশের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছিল। হঠাৎ করে প্রার্থী বদলের গুঞ্জন উঠতেই তৃণমূল নেতাকর্মীরা আবার চাঙ্গা হয়ে উঠেছেন।
একই সঙ্গে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা শার্শা উপজেলা
বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনের কর্মী-সমর্থকরাও
সক্রিয় হতে শুরু করেছে।
দলীয় সূত্র জানায়, গত ১৭
ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সম্ভাব্য
প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ১০৭ জনকে আমন্ত্রণ জানানো হলেও
যশোর-১ আসনের ঘোষিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তিকে ডাকা হয়নি। অথচ আগে যশোরের ছয়টি
আসনের মধ্যে পাঁচটির প্রার্থীর নাম ঘোষণার তালিকায় তৃপ্তি ছিলেন। সভায় আমন্ত্রণ না
পাওয়াকে কেন্দ্র করেই যশোর-১ আসনে প্রার্থী বদল নিয়ে জোর আলোচনা শুরু হয়।
দলীয় সূত্রের দাবি, এই আসনে প্রার্থী পরিবর্তন হলে তৃপ্তির বদলে আবুল হাসান জহির অথবা নুরুজ্জামান লিটনের যেকোনো একজন মনোনয়ন পেতে পারেন। তৃপ্তি বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক। ওয়ান-ইলেভেনের সময় ‘সংস্কারপন্থি’ হিসেবে পরিচিতি পেলেও ২০১৮ সালের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পান।
অন্যদিকে আবুল হাসান জহির শার্শা উপজেলা বিএনপির সভাপতি এবং নুরুজ্জামান লিটন উপজেলা
বিএনপির সাধারণ সম্পাদক; তিনি অতীতে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
প্রার্থিতা বদলের সম্ভাবনা
নিয়ে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রকাশ্যে মন্তব্য করতে অনিচ্ছা
প্রকাশ করেন। তবে শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল
মিন্টু বলেন, মাঠপর্যায়ের নেতাকর্মীদের অবস্থান পরিষ্কার গত ১৭ বছর যারা হামলা-মামলার
শিকার হয়েছেন এবং দুঃসময়ে দলের পাশে ছিলেন, তাদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দেওয়া হলে
তৃণমূল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
দলীয় সূত্রের মতে, বিএনপি
প্রতিটি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে; প্রয়োজন হলে যেকোনো আসনে প্রার্থী বদলের
সিদ্ধান্তও আসতে পারে।

