...|...|...

খেলা

মুমিনের অপরাজিত ১৫২, মালয়েশিয়ার সামনে ৩০৪ রানের কঠিন লক্ষ্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০১ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৭
Shares
মুমিনের অপরাজিত ১৫২, মালয়েশিয়ার সামনে ৩০৪ রানের কঠিন লক্ষ্য

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আহসান আল মুমিনের অপরাজিত ১৫২ রানের ঝলমলে ইনিংসে ভর করে ৩০৩ রানের বড় সংগ্রহ পেয়েছে যুবারা। দলের মোট রানের অর্ধেকেরও বেশি এসেছে এই ব্যাটারের ব্যাট থেকে।

সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ ‘বি’-এর ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুতেই বিপাকে পড়ে দলটি। মাত্র ৪১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আব্দুল্লাহ আল মুহি ২২, এসকে জারিফ সিয়াম ৮ এবং আলামিন হোসেন রনি ৬ রান করে ফিরে যান।

প্রাথমিক ধাক্কা সামলে দলের হাল ধরেন আহসান আল মুমিন। একপ্রান্ত আগলে রেখে ইনিংস এগিয়ে নেওয়ার পাশাপাশি সতীর্থদের নিয়ে গড়েন প্রয়োজনীয় জুটি। অধিনায়ক ফরিদ হাসান ১৭ এবং অল রাফি ২১ রান করে তাকে সহযোগিতা করেন।

তবে দিনটি ছিল মূলত মুমিনের। ১৩৩ বল মোকাবিলা করে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ব্যাটিং দৃঢ়তায় তিনশ রানের ঘর পেরোয় বাংলাদেশের সংগ্রহ।

শেষ দিকে দ্রুত রান তুলে দলের স্কোর বাড়ান ফারহান সাদিক। মাত্র ৭ বলে ১৬ রানের ঝোড়ো ইনিংসে দুটি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে রবিউল হাসান অনিকের ব্যাট থেকে আসে ৪৫ রান। ৪৮ বলের ইনিংসে ছয়টি চার মারেন তিনি।

মালয়েশিয়ার বোলারদের মধ্যে নাগিনেশ্বরন সাথনাকুমারন, সাইহির আসরাফ ও অলগা গুনাওয়ান দুটি করে উইকেট শিকার করেন। আররিয়ান ইস্কান্দার ও মুহাম্মদ নুরহানিফ পান একটি করে উইকেট।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩০৩ রান। ফলে ম্যাচ জিততে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলকে করতে হবে ৩০৪ রান।