চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ঘিরে পুরোনো সেই অডিও ফাঁসের ঘটনা ও তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের আচরণের বিষয়টি আবারও নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ ভিডিওবার্তায় মাহি সেই দুঃসময়ের স্মৃতিচারণ করেন এবং ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও হেনস্তার গুরুতর অভিযোগ তুলেছেন।
ভিডিওবার্তায় মাহি জানান, ডা. মুরাদ হাসান নিয়মিত তাকে বিরক্ত করতেন, যার কারণে বাধ্য হয়ে তিনি ওই প্রতিমন্ত্রীর নম্বর ব্লক করে রেখেছিলেন। ভাইরাল হওয়া সেই অডিওর প্রসঙ্গ টেনে মাহি বলেন, আপনারা শুনেছেন ডা. মুরাদ নিজেই বলছেন, ‘ও তো আমার ফোন ধরবে না।’ মূলত আমি ফোন না ধরায় বিভিন্ন সময় অন্যদের ফোন ব্যবহার করে আমার সাথে যোগাযোগের চেষ্টা করা হতো।
মাহি আরও দাবি করেন, তৎকালীন প্রতিমন্ত্রী ক্ষমতার দাপট দেখিয়ে তাকে তুলে নেওয়ার হুমকিও দিয়েছিলেন। তিনি বলেন, অডিওতে আমাকে র্যাব, পুলিশ, এনএসআই ও ডিজিএফআই পাঠানোর হুমকি দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে যদি ভালো সম্পর্কই থাকত, তবে এমন হুমকি দেওয়ার প্রয়োজন কেন পড়ত? আমি এড়িয়ে চলতাম বলেই ক্ষমতার প্রভাব দেখিয়ে আমাকে ভয় দেখানো হয়েছিল।
তৎকালীন পরিস্থিতি বর্ণনা করে মাহি জানান, তিনি চলচ্চিত্র অঙ্গনের অনেক প্রভাবশালী ব্যক্তি ও সহকর্মীর কাছে সাহায্যের আবেদন করেছিলেন। কিন্তু ডা. মুরাদ মন্ত্রী থাকায় অধিকাংশ মানুষই ‘আমরা কী করব?’ বলে দায় এড়াতেন। এমনকি অনেক সহকর্মী রাতে তাকে ফোন করে সতর্ক করতেন যেন রাত ১১টার পর অপরিচিত কোনো নম্বর থেকে ফোন আসলে তিনি তা রিসিভ না করেন, কারণ ওই সময় ডা. মুরাদ তাদের সামনেই থাকতেন।
ভাইরাল অডিওতে ডা. মুরাদের কুরুচিপূর্ণ মন্তব্যের বিপরীতে মাহির হাসিমুখে উত্তর দেওয়া নিয়ে যে সমালোচনা রয়েছে, তারও ব্যাখ্যা দিয়েছেন এই চিত্রনায়িকা। মাহি বলেন, আমি যদি তখন পাল্টা গালিগালাজ করতাম, আর তার প্রতিক্রিয়ায় যদি আমার বড় কোনো ক্ষতি হয়ে যেত—সেই দায়ভার কে নিত?
ভিডিওবার্তার শেষাংশে মাহি বোমা ফাটান এই বলে যে, ক্ষমতার অপব্যবহার করে ডা. মুরাদ হাসান শুধু তাকে নয়, চলচ্চিত্র অঙ্গনের আরও অনেক নায়িকা, কণ্ঠশিল্পী ও সংবাদ উপস্থাপিকাকেও একইভাবে উত্যক্ত ও হেনস্তা করেছেন। তবে সেই সময়ে ক্ষমতার ভয়ে ভুক্তভোগী কেউই প্রকাশ্যে মুখ খোলার সাহস পাননি।
মাহি আক্ষেপ করে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানোর সুযোগ পেলে তিনি অবশ্যই পুরো বিষয়টি জানাতেন। তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী বিষয়টির বিচার করতেন। তবে সেই সুযোগ না থাকায় তিনি অত্যন্ত সতর্কতার সাথে এবং শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করেছেন।

