দীর্ঘদিন ধরে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের ব্যক্তিগত জীবন নিয়ে বিনোদন জগতে নানা গুঞ্জন চলছিল। বছর দেড়েক আগে নিজেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন মাহি। সেই ঘোষণার পর থেকে স্বামী রাকিব সরকারের সঙ্গে তাকে আর প্রকাশ্যে দেখা যেত না।
সম্প্রতি মাহি নিজের ফেসবুক হ্যান্ডেলে স্বামী রাকিব এবং তাদের একমাত্র সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করে ভক্তদের নতুন বার্তা দিয়েছেন, যা ব্যক্তিগত জীবনের জল্পনার অবসান ঘটিয়েছে।
একই সঙ্গে মাহি ভক্তদের জন্য সুখবরও এনেছেন নতুন সিনেমা ‘অন্তর্যামী’ নিয়ে। পরিচালক সৈকত নাসির পরিচালিত এই সিনেমায় মাহি দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে ধরা দিতে চলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এটি তার সুপারহিট সিনেমা ‘অগ্নি-২’ এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই ‘অগ্নি’ নয়। নায়িকার কথায়, “অগ্নি ছিল শুধু প্রতিশোধের গল্প। ‘অন্তর্যামী’ হলো জীবন সংগ্রামে টিকে থাকার গল্প।”
মাহি আরও জানিয়েছেন, ‘অন্তর্যামী’ সম্পূর্ণ লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো চিরাচরিত নায়ক নেই; সব অ্যাকশন নিজেই করেছেন মাহি। তিনি দাবি করেছেন, “‘অন্তর্যামী’ হবে ‘অগ্নি’র চেয়েও ভয়ংকর এবং আরও অ্যাকশনধর্মী।”
সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া, এবং শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও আমেরিকায়। গল্পের মূল কেন্দ্রে রয়েছেন মাহি এবং ৯ বছর বয়সী শিশু শিল্পী মাবশু, যিনি ‘অন্তর্যামী’ হিসেবে বিশেষ ভূমিকা পালন করছেন। অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফিতে কাজ করছেন বাবা যাদব, আর ফাইট ডিরেকশনের দায়িত্বে আছেন জাইকা স্ট্যান্ট।

