...|...|...

প্রবাস

মালয়েশিয়ায় জিরো কস্ট নিয়োগে প্রশংসা, অন্য প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ১১:১১ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, রাত ১১:১৩
Shares
মালয়েশিয়ায় জিরো কস্ট নিয়োগে প্রশংসা, অন্য প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

ছবি: টাইমস টুডে

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ১১২ জন কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে (জিরো কস্ট) নিয়োগের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক (এমডব্লিউএন)। তবে অন্যান্য নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, অস্বচ্ছতা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে শ্রম অভিবাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

২৭ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমডব্লিউএন জানায়, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএইচএলের যৌথ উদ্যোগে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে। সংগঠনটি এ উদ্যোগকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে।

সংগঠনটির তথ্যমতে, ২০২৬ সালের ৬ থেকে ৮ নভেম্বর বাংলাদেশে ডিএইচএলের জন্য কর্মী নিয়োগে বোয়েসেল হাজার হাজার আবেদন গ্রহণ করে। প্রাথমিকভাবে ৩০০ জনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচন করা হয়। পরে আরও ৫০ জন প্রার্থী যুক্ত হন। সবশেষে ডিএইচএল প্রতিনিধিদের সাক্ষাৎকারের মাধ্যমে ১১২ জন কর্মীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

এমডব্লিউএন জানায়, গত এক মাস ধরে তাদের একটি দল এই নিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণ করেছে। এ সময় নির্বাচিত কর্মীদের সাক্ষাৎকার, নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ এবং মেডিকেল সেন্টার পরিদর্শন করা হয়। কর্মীদের বক্তব্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে তাদের খুব সামান্য অর্থ ব্যয় করতে হয়েছে।

তবে ডিএইচএলের নিয়োগ উদ্যোগের প্রশংসা করলেও মালয়েশিয়ার আরেকটি প্রতিষ্ঠান টপ গ্লাভের জন্য বোয়েসেলের মাধ্যমে পরিচালিত নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে এমডব্লিউএন।

সংগঠনটির অভিযোগ, গত ১১ ও ১২ নভেম্বর পরিচালিত ওই নিয়োগ কার্যক্রমে আবেদনকারী ও প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অন্যায্যভাবে বাদ দেওয়া, পরবর্তী সময়ে অন্য প্রার্থীদের নিয়োগের সুযোগ দেওয়া এবং বিভিন্ন পর্যায়ে অসংগতি ও স্বচ্ছতার অভাব দেখা গেছে।

এ বিষয়ে বোয়েসেল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও টপ গ্লাভের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে দাবি করেছে সংগঠনটি। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে তারা।

এ ছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ও বেআইনি নিয়োগ ব্যয় আদায়ের অভিযোগও তুলেছে এমডব্লিউএন। সংগঠনটির মতে, নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কারণে কর্মীরা ঋণগ্রস্ততা, জোরপূর্বক শ্রম এবং আর্থিক শোষণের ঝুঁকিতে পড়ছেন।

সংগঠনটি বোয়েসেলের নিয়োগ কার্যক্রমে স্বাধীন পর্যবেক্ষক দল গঠন, আবেদন থেকে চূড়ান্ত নির্বাচন পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত, নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য ও বাজেট প্রকাশ এবং টপ গ্লাভের নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

পাশাপাশি মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর অংশগ্রহণের সুযোগ সীমিত না করা এবং প্রতারণা ও অতিরিক্ত অর্থ আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তির শেষাংশে এমডব্লিউএন বলেছে, ডিএইচএলের জিরো কস্ট নিয়োগ একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এ ধরনের ব্যবস্থা শুধু নির্দিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় বাস্তবায়ন করা প্রয়োজন। এতে কর্মীদের আর্থিক শোষণ কমবে এবং নিরাপদ ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করা সম্ভব হবে।