নানা আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ হাইকমিশন। শনিবার (৭ নভেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
দিবসটির তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন এবং সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা এবং তার নেতৃত্বে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করেন।
হাইকমিশনার তার বক্তব্যে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতির প্রসার, তৈরি পোশাকশিল্পের বিকাশ, বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি উন্নয়নে জিয়াউর রহমানের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, মালয়েশিয়া বিএনপির নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

