আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের সাথে স্কালোনির সম্পর্ক ছিল গভীর। ফুটবল ক্যারিয়ারে একের পর এক সাফল্য এলেও মায়ের অসুস্থতা নিয়ে সব সময়ই উদ্বিগ্ন থাকতেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই কোচ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আর্জেন্টিনার পুজাতো শহরে নিজ বাড়িতে মারা যান ইউলালিয়া। তার মৃত্যুর খবর পরিবারের সূত্রে নিশ্চিত করেছে রোজারিওর রেডিও টু। এ ছাড়া টিওয়াইসি স্পোর্টসও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। স্বামী অ্যাঙ্গেলের সাথে পুজাতোতেই বসবাস করতেন ইউলালিয়া।
ইউলালিয়া তিন সন্তানের মা। লিওনেল স্কালোনি ছাড়াও তার দুই সন্তান মাউরো ও কোরিনা। স্থানীয় পৌরসভায় বিচারকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। অন্যদিকে কোরিনা রোজারিওর কাছাকাছি ফুনেস এলাকায় ‘স্কালা বেকারি’ নামে একটি ব্যবসা পরিচালনা করেন।
মায়ের প্রতি স্কালোনির টান ছিল বরাবরই। জাতীয় দলের ব্যস্ততা থেকে সময় পেলেই মাকে দেখতে পুজাতোতে ছুটে যেতেন তিনি। ২০২১ সালে মায়ের অসুস্থতার বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন আর্জেন্টাইন কোচ। ওই বছরের ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিগত পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। সেদিন স্কালোনি বলেছিলেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবার মতো অবস্থায় নেই।’
ব্যক্তিগত দুশ্চিন্তা থাকা সত্ত্বেও আর্জেন্টিনার কোচের দায়িত্ব চালিয়ে যান স্কালোনি। এর পরের বছর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে ফুটবল ইতিহাসে নিজের নাম প্রতিষ্ঠিত করেন তিনি। তবে মায়ের অসুস্থতা নিয়ে উদ্বেগের কথা তার বক্তব্যে আগেও উঠে এসেছিল।
২০২১ সালের ১০ জুলাই ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটানো সেই জয় মাকে উৎসর্গ করেছিলেন স্কালোনি। শিরোপা জয়ের পর আবেগাপ্লুত হয়ে তিনি বলেছিলেন, ‘আমি এই জয় মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তার বেশ গুরুতর একটি সমস্যা হয়েছিল। তিনি লড়াই করছেন।’
সংবাদ সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন সাক্ষাৎকারে মায়ের প্রতি ভালোবাসার কথা একাধিকবার জানিয়েছেন স্কালোনি। এবার সেই মাকে হারিয়ে শোকের মুখে পড়েছেন তিনি। ইউলালিয়ার মৃত্যুতে তার পরিবার ও পুজাতো শহরজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।



