...|...|...

বিশ্ব

মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৭
Shares
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ছবি: সংগৃহীত

ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে ওয়াশিংটন। এরই অংশ হিসেবে যুক্ত হয়েছে তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। 

রবিবার (১৫ নভেম্বর) রণতরীটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় প্রবেশ করে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল-১২-এর সাংবাদিক বারাক রেভিড।

রুজভেল্টের আগমনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে একই সময়ে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন হলো। এর আগে থেকেই এ অঞ্চলে অবস্থান করছিল ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন। নতুন রণতরী যুক্ত হওয়ায় কয়েকশ যুদ্ধবিমান এবং প্রায় ২০ হাজার নাবিক ও মেরিন সেনাসহ বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি তৈরি হয়েছে। ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন রণতরী মোতায়েন করা হয়েছিল।

তবে এই সামরিক উপস্থিতি একদিনে তৈরি হয়নি। ইরানের সাথে সংঘাতের সময় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছিল। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর এর নাবিকদের বিশ্রাম ও দায়িত্বের ধারাবাহিকতা বজায় রাখতে পর্যায়ক্রমে অন্য রণতরী ও যুদ্ধজাহাজ পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় ইউএসএস জর্জ ওয়াশিংটন ও ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যে অবস্থান নেয়। এবার তাদের সঙ্গে যুক্ত হলো ইউএসএস থিওডোর রুজভেল্ট।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। জবাবে ইরানও মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। টানা ৪০ দিন যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে উত্তেজনা ও সামরিক অচলাবস্থা কাটেনি। নতুন করে সংঘাত শুরুর আশঙ্কাও রয়ে গেছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানোর ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত হলে তাতে অংশ নিতে পারে ইউএসএস থিওডোর রুজভেল্ট। ফলে রণতরীটির মধ্যপ্রাচ্যে প্রবেশকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতির অংশ হিসেবেও দেখা হচ্ছে।