মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।
ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে। শুটিংয়ের সময় ধারণকৃত কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নির্মাতা লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।
নির্মাতা জানিয়েছেন, নাটকটির শুটিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এতে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ অনেকে।
এর আগে গত ৩ অক্টোবর ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থা তুলে ধরে তানিয়া বৃষ্টি জানিয়েছিলেন যে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়ার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।
প্রথমে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়েও যেতে হয়। সেখানে আরেকটি সফল অস্ত্রোপচারসহ দীর্ঘ চিকিৎসা ও কেমোথেরাপির লড়াই পেরিয়ে অবশেষে অভিনয়ে ফিরলেন এই অভিনেত্রী।

