...|...|...

খেলা

ব্যালন ডি’অর জিতে বায়ার্নে ফিরতেই রাজকীয় সংবর্ধনা কেইনকে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪২
Shares
ব্যালন ডি’অর জিতে বায়ার্নে ফিরতেই রাজকীয় সংবর্ধনা কেইনকে

হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অর জয়ের পর বায়ার্ন মিউনিখে ফিরে সতীর্থ, ক্লাব কর্মকর্তা ও সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন হ্যারি কেইন। অনুশীলন মাঠে গার্ড অব অনার, সতীর্থদের করতালি আর সমর্থকদের ‘হ্যারি, হ্যারি’ ধ্বনিতে উদ্‌যাপিত হয়েছে তার ব্যক্তিগত সাফল্য। ইংল্যান্ডের ফুটবলের পাশাপাশি কেইনের এই অর্জন বায়ার্ন মিউনিখের ইতিহাসেও নতুন গৌরব যোগ করেছে।

জার্মানিতে বায়ার্নের অনুশীলন মাঠে ফেরার পর ইংল্যান্ডের অধিনায়ককে স্বাগত জানান সতীর্থ ও ক্লাবের কর্মীরা। তাকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। গার্ড অব অনার ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুশীলন মাঠ। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন।

২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন কেইন। তার সাফল্যে বায়ার্নও পেয়েছে বিশেষ উদ্‌যাপনের উপলক্ষ। ক্লাবটির কোনো খেলোয়াড় সর্বশেষ ১৯৮১ সালে এই পুরস্কার জিতেছিলেন। সেবার পুরস্কারটি উঠেছিল কার্ল-হাইনৎস রুমেনিগের হাতে।

পুরস্কার জয়ের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন কেইন। নিজের আবেগ জানিয়ে তিনি লিখেছেন, ‘কোথা থেকে শুরু করব? এমন একটি সন্ধ্যা, যা আমি কখনো ভুলব না।’ এরপর যোগ করেন, ‘এই স্মৃতি দীর্ঘদিন আমার মনে থাকবে।’

এই সাফল্যে পাশে থাকা বায়ার্ন ও ইংল্যান্ডের সতীর্থদের পাশাপাশি শুভেচ্ছা জানানো সবার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার।

কেইনের পারফরম্যান্স ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন বায়ার্নের ক্রীড়া পরিচালক ক্রিস্টোফ ফ্রয়েন্ড। তার মতে, গোল করার সামর্থ্যের বাইরেও কেইনের বিশেষ কিছু গুণ রয়েছে। ফ্রয়েন্ড বলেন, ‘হ্যারি কেইনের পারফরম্যান্সে আমরা সবাই দারুণ খুশি। তাকে অসাধারণ ফুটবলার করে তুলেছে শুধু তার গোল করার ক্ষমতা নয়, মাঠের বাইরেও তিনি বিশেষ একজন মানুষ।’

কেইনের ব্যক্তিত্বের প্রশংসা করে ফ্রয়েন্ড আরও বলেন, ‘হ্যারি দারুণ একজন মানুষ। তার মতো কাউকে খুব কমই পাওয়া যায়। বিশ্বমানের, অথচ এতটাই মাটির কাছাকাছি। সেন্টার-ফরোয়ার্ডের ভূমিকাকে হ্যারি সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বিশেষ করে তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা। নিঃসন্দেহে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।’

আগামী শনিবার বুন্দেসলিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ‘ক্লাসিকার’ ম্যাচে কেইনের ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নেবে বায়ার্ন। ওই ম্যাচে সমর্থকদের সামনে পুরস্কারটি প্রদর্শনের কথা রয়েছে তার।

বায়ার্নের হয়ে এর আগে ব্যালন ডি’অর জিতেছেন জার্মান ফুটবলের তিন কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলার ও কার্ল-হাইনৎস রুমেনিগে। রুমেনিগের ১৯৮১ সালের জয়ের পর এবার কেইনের হাত ধরে আবারও এই স্বীকৃতি পেল বাভারিয়ান ক্লাবটি।

২০২০ সালে বায়ার্নে খেলা রবার্ট লেভানডফস্কিও ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার ছিলেন। তবে করোনাভাইরাস মহামারির কারণে ওই বছর পুরস্কারটি দেওয়া হয়নি।