আজ ১২ নভেম্বর, বিশ্ব নিউমোনিয়া দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের একটি নতুন যুগ’। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
চিকিৎসকেরা জানান, নিউমোনিয়া ফুসফুসের প্রদাহজনিত একটি জটিল রোগ। বিশেষ করে শীতকালে শিশু ও বয়স্কদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। তবে তরুণ ও স্বাস্থ্যবান ব্যক্তিরাও এই রোগে আক্রান্ত হতে পারেন। মূলত অপুষ্টি, বায়ুদূষণ, টিকা না নেওয়া এবং সময়মতো সঠিক চিকিৎসার অভাবে শিশুরা বেশি ঝুঁকিতে থাকে।
সাধারণত ফুসফুসে স্ট্রেপটোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়া কিংবা শ্বাসযন্ত্রের সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি) সংক্রমণের কারণে ফুসফুস ফুলে ওঠে এবং পুঁজ বা তরলে ভরে যায়। এতে অক্সিজেন গ্রহণের ক্ষমতা কমে গিয়ে শ্বাসকষ্ট ও তীব্র প্রদাহ সৃষ্টি হয়।
নিউমোনিয়া প্রতিরোধে চিকিৎসকেরা নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, সুষম খাবার গ্রহণ এবং ধূমপান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া হাঁচি বা কাশির সময় রুমাল বা টিস্যু দিয়ে মুখ ঢেকে রাখা এবং সময়মতো প্রয়োজনীয় টিকা নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

