সংবিধান মেনে নেওয়ার কারণে বিরোধীদলের সংবিধান সংস্কার পরিষদের শপথ আর বহাল নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ফেসবুকে করা এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে বিরোধীদল বিদ্যমান সংবিধানকে স্বীকৃতি দিয়েছে। এজন্য বিরোধীদলকে ধন্যবাদ জানাই যে, তারা গণতান্ত্রিক যাত্রায় সরকারের সহযোগী হিসেবে নিজেদের আবির্ভূত করেছে।
তিনি লেখেন, আশা করি, রাষ্ট্রপতি নির্বাচনের মতো সংবিধান সংশোধন কমিটিতেও বিরোধীদল অংশগ্রহণ করে রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করবে এবং ষড়যন্ত্রকে মুকাবিলা করতে সরকারকে সহযোগিতা করবে।
এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লেখেন, বলে রাখা ভালো, সংবিধান মেনে নেওয়ার কারণে বিরোধীদলের সংবিধান সংস্কার পরিষদের শপথ আর বহাল নেই। আশা করি, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই সমস্ত সংস্কার বাস্তবায়নে সরকারি দল ও বিরোধীদল একতাবদ্ধ হয়ে কাজ করবে।


