বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীত ভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারন আছে বলেও মনে করিনা। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের পাঁচ শতাধিক নেতাকেও বহিষ্কার করে বিএনপি।

পরবর্তী সময়ে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন। তবে রুমিন ফারহানা তার ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন, বিএনপিতে ফেরার জন্য তিনি কোনো আবেদন করেননি এবং এ ধরনের কোনো ইচ্ছাও তার নেই।


