...|...|...

খেলা

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানের ম্যাচ ড্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৮ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, রাত ৮:৩৮
Shares
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানের ম্যাচ ড্র

ছবি: সংগৃহীত

আবুধাবিতে জয়ের খুব কাছে গিয়েও ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ায় শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জয় হাতছাড়া করল বাংলাদেশ। ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের শেষদিকের কঠিন প্রতিরোধে ম্যাচটি ড্র করে মাঠ ছেড়েছে আফগানরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) খেলার পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পক্ষান্তরে বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ড্রয়ের দিকে নজর দেয় আফগানিস্তান।

আগের দিনের ৩ উইকেটে ১৩২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে আফগানরা। ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি প্রথম সেশনটি দেখেশুনে পার করেন। কিন্তু প্রচণ্ড গরমে ক্র্যাম্পের শিকার হয়ে ক্রিজ ছাড়েন ৩৩ বলে ২০ রান করা শহীদি। এরপরই লাঞ্চের ঠিক আগে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। পেসার এবাদত হোসেনের বলে দারুণ ক্যাচ নিয়ে ৩৩ রান করা ইকরাম আলিখিলকে ফেরান লিটন দাস।

পঞ্চম উইকেটে ইসমত আলমকে নিয়ে ৪০ রানের জুটি গড়েন আতাল। ৬০ বলে ৪ রান করা ইসমতকে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান নাজমুল হোসেন শান্ত। পরে আবার ব্যাটিংয়ে নেমে ৩৬ রান করে মিরাজের বলেই বিদায় নেন শহীদি।

একপ্রান্ত আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন আফগান ওপেনার সেদিকুল্লাহ আতাল। ৩৩২ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১১১ রান করে তাইজুল ইসলামের বলে আউট হন তিনি। আতালের বিদায়ের পর জয়ের প্রবল সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের। তবে সুযোগগুলো হাতছাড়া করায় জয় তুলে নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশের পক্ষে পেসার এবাদত হোসেন ও অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ৩টি করে উইকেট শিকার করেন। এ ছাড়া একটি করে উইকেট পান হাসান মাহমুদ ও নাঈম হাসান।