...|...|...

আবহাওয়া

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪২ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩০
Shares
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। অনুকূল পরিবেশ পেলে এটি আগামী সোমবার (২৬ অক্টোবর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে থাকলেও এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট আবহাওয়া ব্যবস্থাটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘অর্ণব’। বাংলাদেশের প্রস্তাবিত এ নামের অর্থ সমুদ্র। তবে আরব সাগরে অবস্থানরত অন্য একটি লঘুচাপ আগে ঘূর্ণিঝড়ে রূপ নিলে সেখানে নামটি ব্যবহৃত হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা তুলনামূলক কম। এর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৭ অক্টোবর থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে। এরপর ২৯ অক্টোবর থেকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য দুর্যোগের কথা বিবেচনায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) আওতাধীন ১৩টি দেশ। দেশগুলোর প্রস্তাবিত নাম পর্যায়ক্রমে ব্যবহার করা হয়, যাতে প্রতিটি ঘূর্ণিঝড়কে সহজে শনাক্ত করা যায়।

সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর পরবর্তী নাম হিসেবে রয়েছে ভারতের প্রস্তাবিত ‘মুরাসু’, যার অর্থ ঐতিহ্যবাহী ঢোল বা ডঙ্কা।