...|...|...

বিশ্ব

ফিলিস্তিনি শিশু হত্যার ঘটনা তদন্তের নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, রাত ৮:৪৪ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ১০:০২
Shares
ফিলিস্তিনি শিশু হত্যার ঘটনা তদন্তের নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

গাজায় পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাব হত্যার ঘটনায় ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ঘটনাটি পর্যালোচনার পর সামরিক পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

২০২৪ সালের জানুয়ারিতে গাজা সিটিতে পরিবারের সদস্যদের সঙ্গে একটি গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলির মুখে পড়ে হিন্দ রাজাব। ওই গাড়িতে থাকা পরিবারের সাত সদস্যের মধ্যে বেশ কয়েকজন ঘটনাস্থলেই নিহত হন। হিন্দ তখনও জীবিত ছিল।

বোমাবর্ষণ থেকে পালিয়ে যাওয়ার সময় হিন্দ ও তার পরিবারের সদস্যদের বহনকারী গাড়িতে গুলি লাগে। পরে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধারকর্মীরা তার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলার সময় হিন্দ তাদের উদ্ধারের আকুতি জানায়। একপর্যায়ে গুলির শব্দের মধ্যেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

হিন্দকে উদ্ধারের জন্য পাঠানো একটি অ্যাম্বুলেন্সও গুলিবর্ষণের শিকার হয়। পরে হিন্দ, তার পরিবারের সদস্য এবং অ্যাম্বুলেন্সের ক্রুদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি সে সময় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি পর্যালোচনার পর সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে ফৌজদারি তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দ ও তার পরিবারের সদস্যদের বহনকারী গাড়িতে গুলি চালানোর বিষয়টি এই প্রথম আইডিএফ স্বীকার করল। এর আগে বাহিনীটির প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছিল, ঘটনার সময় ওই এলাকায় কোনো ইসরায়েলি সেনা উপস্থিত ছিল না।

নতুন তদন্তে ওই ঘটনার সঙ্গে ইসরায়েলি সেনাদের সম্পৃক্ততা, গুলিবর্ষণের পরিস্থিতি এবং পরবর্তী ঘটনাপ্রবাহ খতিয়ে দেখা হবে।