ফরিদপুরের সালথায় পানিতে ডুবে মৌসুমি মন্ডল (৩৫) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মৌসুমি মন্ডল ওই এলাকার পাপন সরকারের স্ত্রী এবং সদরপুর উপজেলার উজিরখা কান্দি এলাকার বিভূতি মন্ডলের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার সকালে বাড়ির কাজ শেষ করে বাড়ির পাশের বিলে গোসল করতে যান মৌসুমি। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পানিতে তার জুতা ও একটি বালতি ভাসতে দেখা যায়। পরে বিলের পানিতে মৌসুমির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
পরে পরিবারের সদস্য পাপন সরকার জানান, মৌসুমি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। মাঝেমধ্যে তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পড়ে যেতেন। ঘটনার আগের দিনও পড়ে গিয়ে মুখে আঘাত পেয়েছিলেন তিনি। পরিবারের ধারণা, গোসলের সময় ফের মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


