পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল মতিন মৃধার ছেলে নয়ন মিয়া (২০) এবং জালালপুর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে সেলিম মাহমুদ (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর-গয়েশপুর সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম দুর্ঘটনায় দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।


