...|...|...

বিশ্ব

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ অন্তত ২১ জনের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:০৩
Shares
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ অন্তত ২১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থী ও এক নারী শিক্ষকসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আল খায়ের স্কুল’-এর ছাদ ধসে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। নিহত ২০ শিক্ষার্থীর মধ্যে ১৮ জন ছেলে ও দুজন মেয়ে। তাদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম জানান, আহতদের চিকিৎসায় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এদিকে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।

ঘটনায় শোক প্রকাশ করেছেন খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি। তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আহত শিশুদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তিনি।

ডনকে এক অভিভাবক সামিউল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি আট বছরের কম বয়সী তিন শিশুকে উদ্ধার করেন। তাঁর ছয় সন্তান ওই স্কুলে পড়ে। ধসে পড়া ছাদের নিচে তাঁর ছেলেও চাপা পড়েছে বলে আশঙ্কা করেছিলেন তিনি। তবে পানি খেতে শ্রেণিকক্ষের বাইরে থাকায় ছেলেটি বেঁচে যায়।

পাকিস্তানে ভবন ও ছাদ ধসের ঘটনা নতুন নয়। গত জুনে লাহোরের কাহনা এলাকায় একটি বেসরকারি টিউশন সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু হয়। এর আগে ডেরা গাজি খানে স্কুলের শ্রেণিকক্ষের ছাদ ধসে চার শিশু নিহত হয়। এসব দুর্ঘটনার পেছনে দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের মতো কারণকে দায়ী করা হয়।