...|...|...

রাজনীতি

পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে মির্জা ফয়সল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, রাত ৮:০৫
Shares
পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে মির্জা ফয়সল

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ী হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্যের নজির তৈরি করলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। নির্বাচনে পরাজিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাড়িতে ফুলের তোড়া নিয়ে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এ সময় দুই প্রার্থী কোলাকুলি করেন, একে অপরকে মিষ্টিমুখ করান এবং এলাকার উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় দেলাওয়ার হোসেনের বাসায় যান মির্জা ফয়সল আমীন। এ সময় তার সাথে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতে দুই নেতা কুশল বিনিময় ও কোলাকুলি করেন। জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে দেলাওয়ার হোসেন বলেন, ‘বেস্ট অব লাক’। পরে তাদের মধ্যে এলাকার উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এ সময় মির্জা ফয়সল আমীন বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও একে অপরের প্রতি সম্মান বজায় রেখে সামনের দিনের কাজ এগিয়ে নিতে চান তারা। জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেলাওয়ারের সহযোগিতা কামনা করেন তিনি।

মির্জা ফয়সল বলেন, ‘আমরা একে অপরকে সম্মান দিয়ে আগামী দিনের কাজগুলো এগিয়ে নেব। কারণ, তুমিও জনগণের সাথে সম্পৃক্ত। আমাদের দুজনেরই নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি আছে। তুমি আমার কাজে সাহায্য করবে, আমিও তোমার সহযোগিতা চাই।’

তিনি আরও বলেন, ‘আমি যদি কোনো ভুল করি, তুমি সরাসরি আমাকে জানাবে।’

জবাবে দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, এলাকার উন্নয়নে সব সময় মির্জা ফয়সলের সাথে থাকবেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মির্জা ফয়সল আমীন বলেন, গণতন্ত্রের অন্যতম শর্ত হলো পরমতসহিষ্ণুতা। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে দেলাওয়ারের সহযোগিতা চাইতেই তিনি তার বাড়িতে গিয়েছেন।

অন্যদিকে দেলাওয়ার হোসেন বলেন, জয়ী প্রার্থী তাকে শুভেচ্ছা জানাতে এবং এলাকার উন্নয়নে একসাথে কাজ করার প্রস্তাব নিয়ে বাড়িতে এসেছেন। এতে তিনি সম্মানিত বোধ করছেন। তিনি মনে করেন, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠা প্রয়োজন, যেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও রাজনৈতিক নেতাদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত পৌনে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

তবে ফলাফল ঘোষণার আগেই নির্বাচনে অনিয়ম, জাল ভোট এবং পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী।