বগুড়ায় জামায়াত সমর্থিত সাতজন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার (১৭ আগস্ট) সকালে তারা জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ করা আইন কর্মকর্তারা হলেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত সরকারি কৌঁসুলি (জিপি) এমদাদুল ইসলাম, এপিপি আরিফুর রহমান, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, ইন্দ্রজিৎ এবং আতাউর রহমান সবুজ।
জানা গেছে, ২০২৪ সালের আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বগুড়া জজ কোর্টে এসব আইনজীবী রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছিলেন।
পদত্যাগকারী এপিপি শাফিকুর রহমান শাফি বলেন, জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। পাশাপাশি বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অবস্থান নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব আগের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক শাসনব্যবস্থা ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে তিনি মনে করেন।
শাফিকুর রহমান বলেন, এসব পরিস্থিতিতে বিবেকের তাড়নায় তিনি আর দায়িত্ব পালন করতে পারছেন না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, সোমবার দুপুরে সাতজন আইন কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিধি অনুযায়ী পদত্যাগপত্র ঢাকায় পাঠানো হবে।
পদত্যাগপত্র জমা দেওয়ার সময় ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মল্লিকসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


